পাবনা ও বাংলাদেশের সর্বশেষ খবর

রাজনীতি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, মুখোমুখি ফখরুল-অলি

 

ঢাকা প্রতিনিধি

 

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই স্থানে ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য এবার ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে রয়েছেন। জাতীয় সংসদের মোট সদস্যসংখ্যা ৩৫০ হলেও আদালতের রায়ে একজন সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হওয়ায় ভোটারের সংখ্যা ৩৪৯-এ দাঁড়িয়েছে।

 

এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ভোটের পদ্ধতির কারণে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্য বা ‘ওপেন ব্যালট’ পদ্ধতিতে ভোট দেবেন। অর্থাৎ কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন, তা গোপন ব্যালটের মতো অদৃশ্য থাকবে না।

 

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়নি। দীর্ঘ সময় পর এবার দুই প্রার্থী নির্বাচনে থাকায় রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

 

জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্ধারিত নিয়মে আজ ভোট গ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।

 

ট্যাগ: #জাতীয়, #রাষ্ট্রপতি_নির্বাচন, #বাংলাদেশ, #মির্জা_ফখরুল, #অলি_আহমদ, #নির্বাচন_কমিশন, #রাজনীতি

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আজ, মুখোমুখি ফখরুল-অলি

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
https://www.pabnatime24.xyz